weather ৩৭.১২ o সে. আদ্রতা ৪৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে তিনবিঘা করিডোরের গেট ২ ঘণ্টা বন্ধ, বাংলাদেশীদের ভোগান্তি

প্রকাশ : ০৮-০৫-২০২২ ১১:১৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ আজ শুক্রবার ৬ মে/২২ইং তিন বিঘা করিডোর পরিদর্শন করেছেন। এ সময় দহগ্রামের সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র পথ করিডোর গেট প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। এতে গেটের দুদিকে শত শত বাংলাদেশী আটকা পড়ে মারাত্মক ভোগান্তির শিকার হন। ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আগমনকে কেন্দ্র করে শুক্রবার সকাল ১১টা ১৮ মিনিটে করিডোর গেট বন্ধ করে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে অমিত শাহ তিনবিঘা করিডোরে বিএসএফের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে চলে গেলে ১টা ৭ মিনিটে আবার গেট খুলে দেয়া হয়। গেট বন্ধ থাকায় কারণে মারাত্মক দুর্ভোগের শিকার হন বাংলাদেশীরা। অমিত শাহর আগমনকে কেন্দ্র করে তিনবিঘা করিডোরে নিশ্ছিদ্র নিরাপত্তা গড়ে তোলে বিএসএফ। শুধু তাই নয়, অমিত শাহর সাথে করিডোরে বিএসএফের রুদ্ধদ্বার বৈঠকের ছবি কেউ যাতে বাহির থেকে অবলোকন ও ছবি তুলতে না পারে সেজন্য করিডোরের লোহার গেটসহ কাঁটাতারের বেড়া কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়। এ সময়ে বিজিবিসহ কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। ভারতীয় মিডিয়াসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক প্রভাব বৃদ্ধি, সীমান্তে অনুপ্রবেশ বন্ধ, গরু পাচার রোধসহ সীমান্ত চোরাচালান এবং কাঁটাতারের বেড়ার এপারে যে ভারতীয় জমি রয়েছে সেসব জমিতে ভারতীয় কৃষকরা যাতে নির্বিঘ্নে চাষাবাদ করতে পারে এসব বিভিন্ন বিষয়ে বিএসএফের সাথে বৈঠক করেন অমিত শাহ। এর আগে গত মঙ্গলবার ঈদুল ফিতরের দিন অমিত শাহর আগমনকে কেন্দ্র করে করিডোরে বিএসএফের হাইপ্রোফাইল একটি বৈঠক হয়। ওই বৈঠকের বিষয়টি দহগ্রামবাসীর মধ্যে জানাজানি হলে তাদের মধ্যে একধরনের ভীতি ও আতঙ্ক কাজ করে। দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাফিউল ইসলাম বাবুল বলেন, 'এভাবে হঠাৎ করে গেট বন্ধ হওয়ার খবর শুনে আমরা আতঙ্কিত হয়েছি। দুপাশে যেভাবে মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষার প্রহর গুনছে তাতে আমাদের সেই ৪৭ বছরের অবরুদ্ধ জীবন যাপনের কথা আবার স্মরণ করিয়ে দিচ্ছে।' দহগ্রাম সংগ্রাম পরিষদের সাধারণ সমাপাদক রেজানুর রহমান রেজা বলেন, '১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব যে চুক্তি হয়েছিল সেই চুক্তির অভাব বোধ করছি আমরা। মানবিক কারণে তাদের সম্মান দেখানোর জন্য কিছুক্ষণের জন্য গেট বন্ধ রাখা মেনে নেয়া যায় কিন্তু বিএসএফ ঘণ্টার পর ঘণ্টা যেভাবে গেট বন্ধ রেখেছে এটা বড় দেশ হিসেবে আমাদের ওপর এক ধরনের খবরদারী করছে। এটা মানসিক টর্চার। তারা আমাদের উপর এক্সট্রা একটা পাওয়ার দেখাচ্ছে।' তিনি আরো বলেন, 'তাদের দেশের পতাকা যখন নামানো হয় তখন আমাদের থামিয়ে দেয়া হয়। একটা গাড়ি যখন তাদের রাস্তা দিয়ে যায় তখনো যাতায়াতের রাস্তায় আমাদের থামিয়ে দেয়া হয়।' দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, 'করিডোর গেট বন্ধ রাখার বিষয়টি তাদের কেউ অবহিত করেনি। আগে জানালে হয়তো রোগীসহ জরুরি বিষয়গুলোর ব্যাপারে আগেই প্রস্তুতি নেয়া যেত। বাংলাদেশীদের যাতায়াত বন্ধ কিন্তু ভারতীয়রা তাদের সড়ক দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করছে। এ বিষয়ে রংপুর ৫১ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল এ এফ এম আজমল হোসেন বলেন, বিএসএফ তাদের অবহিত করেছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর