ঠাকুরগাঁওয়ে আলুচাষিদের ডিসি অফিস ঘেরাও
প্রকাশ : ১১-০৬-২০২২ ১৮:০৩
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ কোল্ড স্টোরেজে আলুর বস্তার অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে ও ন্যায্য ভাড়ার দাবিতে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে আজ ঠাকুরগাঁও আলুচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি।
সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর ঘেরাও করে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে তারা।
পরে ঠাকুরগাঁও জেলার আলু সংরক্ষণের কোল্ড স্টোরেজগুলোতে ন্যায্য ভাড়া নির্ধারণের জন্য ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সুপারিশকৃত একটি দরখাস্ত জেলা প্রশাসক বরাবর দাখিল করেন আলুচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
এ সময় আলুচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাসসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ডিসি অফিস ঘেরাও কর্মসূচিতে বক্তারা বলেন, ঠাকুরগাঁও জেলার আলু সংরক্ষণের কোল্ড স্টোরেজগুলোর মালিকগণ সিন্ডিকেট করে অনৈতিকভাবে সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করে অত্র এলাকার আলুচাষি ও ব্যবসায়ীদের সাথে অন্যায়-অবিচার করছেন। এতে করে আলুচাষি ও ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে।
তারা বলেন, দেশের রংপুর, বগুড়া, রাজশাহী ও মুন্সিগঞ্জের কোল্ড স্টোরেজগুলোতে ২১০ থেকে ২২০ টাকা বস্তায় আলু সংরক্ষণ করা হলেও এখানে সিন্ডিকেটের মাধ্যমে ২৮০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। বার বার আমরা এ বিষয়ে প্রতিবাদ জানালেও এর কোনো প্রতিকার পাচ্ছি না। অবিলম্বে ন্যায্য ভাড়া নির্ধারণ করা না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এদিকে ঠাকুরগাঁওয়ের রাজ্জাক স্পেশালাইজড কোল্ড স্টোরে উল্লেখযোগ্য সংখ্যক আলুর বস্তা পঁচে যাওয়ায় রাতারাতি বস্তাগুলো পাশের জায়গায় গর্ত করে মাটিতে পুঁতে ফেলা হয় বলে দাবি করেন আলুচাষিরা।
তারা জানান, আলুর বস্তাগুলো বের করার সময় হয়তো তারা আলুর বস্তা ফেরৎ দিতে টালবাহানা বা ক্ষতিপূরণ দিতে অস্বীকার করতে পারেন মালিকপক্ষকে। তাই এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৯ মে জেলা প্রশাসক বরাবর আরো একটি আবেদনপত্র দাখিল করেন সমিতির নেতারা।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com