weather ৩৬.৫৩ o সে. আদ্রতা ৪৫% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে কপির বাম্পার ফলনে স্বপ্ন বুনছেন চাষীরা

প্রকাশ : ৩০-১১-২০২২ ২০:৪৬

নিজস্ব প্রতিবেদক

এ, কে আজাদঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আবহাওয়া অনুকূলে থাকায় ফুলকপি ও বাঁধাকপির বাম্পার ফলন হওয়ায় স্বপ্ন বুনছেন চাষীরা। অল্প সময়ে স্বল্প খরচে অধিক মুনাফায় কপি চাষের বিকল্প নেই।এবারো আগাম ফুলকপি ও বাঁধাকপির কদর বেড়েছে শীতকালীন সবজি বাজারে।

এলাকার কপি চাষীরা জানান, চারা রোপণ করে প্রয়োজনীয় সার কীটনাশক ও সেচ দিয়ে পরিচর্যা করলে ৭০-৭৫ দিনের মধ্যেই ফুলকপি আর বাঁধাকপি বাজারজাত করা সম্ভব। এবার বাজারে ফুলকপি আর বাঁধাকপির প্রচুর চাহিদা থাকায় দামও বেশ ভালো। পাইকাররা ক্ষেত থেকেই এসব সবজি কিনে নিয়ে বাজারে বিক্রি করছেন। সব মিলিয়ে মুনাফা পেয়ে বেশ খুশি বালিয়াডাঙ্গী উপজেলার কপিচাষিরা।

উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই গ্রামের মোস্তফা বলেন, এক বিঘা জমিতে আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপি চাষে ১১ হাজার টাকা খরচ করেছি। আমি নিজেই জমিতে কাজ করি। ওই ক্ষেত থেকে আমি ৫৪ হাজার টাকার কপি বিক্রি করেছি। ওই জমিতে আবারো নতুন করে ফুলকপি চাষ করেছি। অল্প কয়েক দিনের মধ্য তুলব। আশা করছি এ বছর মোট দুই বিঘা জমিতে এক লাখ টাকার অধিক লাভ হবে।

বড়বাড়ী ইউনিয়নের গোয়ালকাড়ী গ্রামের কৃষক বাবুল হোসেন বলেন, দুই বিঘা জমিতে আট হাজার ফুলকপির চারা রোপণ করেছি। ফলনও ভালো হয়েছে। প্রতিটি ফুলকপি ৩-৫ শ' গ্রাম ওজনের হয়েছে। কিছুদিন আগে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে জমিতেই বিক্রি করছি। বর্তমানে ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি করছি। আশা করছি খরচ বাদে ৫০-৬০ হাজার টাকা লাভ হবে।

বড়বাড়ী গ্রামের কৃষক সাইদুর ইসলাম, রশিদুল ইসলাম ও মোজাম্মল হক বলেন, কিছুটা দেরিতে বাঁধাকপি চাষ করেছি। প্রতিটি চারার পেছনে খরচ হবে দুই টাকা। কপি প্রতি ১০ থেকে ১৫ টাকা বাজার ধরতে পারলেও ভালো মুনাফা হবে। আশা করছি ভালো বাজার পাবো এবং মুনাফাও আসবে।

উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাইদুর রহমান বলেন, এ বছর উপজেলায় ১২০ হেক্টর জমিতে ফুলকপি ও ৭০ হেক্টর জমিতে বাঁধাকপি আবাদ হয়েছে। কৃষককে রোগবালাই থেকে মুক্ত রাখতে সার্বিক সহযোগিতা ও তাদের ভালো ফসল উৎপাদনে প্রায় সময় যোগাযোগ করা হয়েছে।

তিন আরো বলেন, বাজারের চাহিদা বিবেচনা করে কৃষকরা আগাম জাতের বিভিন্ন সবজি আবাদ করেন। এবার আবহাওয়া ও বাজার দুটোই ভালো থাকায় সবজি চাষে লাভবান হচ্ছেন চাষিরা। ফুলকপি ও বাঁধাকপির বেশ চাহিদা বাজারে। বিক্রিতেও ঝামেলা নেই চাষিদের।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com